Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

বাসের ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যা: ফের রিমান্ডে সাবেক আইজিপি শহিদুল

দুই দিনের রিমান্ডে শেষে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহিদুল হকসহ তিন আসামির পুনরায় দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়ে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় বুধবার (১৩ নভেম্বর) বিকেলে কুমিল্লার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আমলি আদালতের বিচারক ফারহানা সুলতানা এ রিমান্ড মঞ্জুর করেন।

সাবেক আইজিপি শহিদুল হক ছাড়া অপর দুই আসামি হলেন – সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব কিবরিয়া মজুমদার এবং কুমিল্লার বুড়িচং উপজেলার জহিরুল ইসলাম সেলিম।

কুমিল্লা জেলা জজ আদালতের পিপি ও মামলার বাদী পক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় আইকন পরিবহনের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় আটজনের মৃত্যু হয়। এই ঘটনায় তৎকালীন পুলিশ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬৪ জনের নাম উল্লেখ করে এবং কিছু অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করে।

পরে গণঅভ্যুত্থানের পর ১১ সেপ্টেম্বর একই ঘটনায় বাসের তত্ত্বাবধায়ক আবুল খায়ের পাল্টা মামলা করেন কুমিল্লা আদালতে। এই মামলায় সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ মোট ১৩০ জনের নাম উল্লেখ করা হয়।

আদালত মামলাটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই মামলার তদন্তের নির্দেশ দেন।

মন্তব্য করুন