
রিপোর্ট :- আজিজুর রহমান টুটুল
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার ব্রাহ্মণ পুরোহিত সম্প্রদায়ের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার প্রতিনিধিদলের সদস্যদের খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন। তিনি বলেন, তাঁর নির্বাচনী এলাকায় বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। এলাকার মানুষকে জাতীয় সংসদ সম্পর্কে ধারণা দিতে পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।
ডেপুটি স্পিকার জানান, এর আগে খ্রিষ্টান সম্প্রদায়, ইমাম প্রতিনিধিদল, হাজং সম্প্রদায় এবং দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও সংসদ ভবন পরিদর্শন করেছেন। তিনি বলেন, সব পেশা ও সম্প্রদায়ের মানুষ যেন সংসদ সম্পর্কে জানতে পারে—এটাই তাঁর লক্ষ্য।
প্রতিনিধিদলের সদস্যরা সংসদ ভবনে আসার সুযোগ করে দেওয়ায় এবং দুর্গাপুরের সন্তান হিসেবে ডেপুটি স্পিকার হওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, হিন্দু সম্প্রদায় হিসেবে অনেক সময় অবহেলার শিকার হলেও উন্নয়নে অংশ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চান। এ সময় তাঁরা গীতা পাঠ করেন এবং ডেপুটি স্পিকারের মঙ্গল কামনা করেন। পাশাপাশি তাঁকে একটি উত্তরণী উপহার দেন এবং পূজামণ্ডপ সংস্কার, পুরোহিত ভাতা চালু ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
জবাবে ডেপুটি স্পিকার বলেন, মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে কোনো অবহেলা করা হবে না এবং পুরোহিত সম্প্রদায়ের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, মসজিদ, মন্দির ও গির্জার জন্য বরাদ্দকৃত অর্থের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, “সবার পরিচয় আমরা মানুষ—আমাদের রক্ত সবারই লাল।” দলমত নির্বিশেষে সবার পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
এ সময় যুবসমাজকে মাদকমুক্ত রাখতে পড়ালেখা, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ওপর গুরুত্বারোপ করেন ডেপুটি স্পিকার।




