মহম্মদপুরে মধ্যরাতে দুর্ধর্ষ চুরি! অচেতন করে ঘরে ঢুকে টাকা-স্বর্ণালঙ্কার লুট, ক্ষতি আট লক্ষাধিক টাকা

স্টাফ রিপোর্টার

মাগুরার মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ ও দুঃসাহসিক চুরির ঘটনা। চোরেরা ঘরের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও রৌপ্যসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আবিনূর মহম্মদ হাবির বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য মো. তারিকুল ইসলাম জানান, চোরচক্র প্রথমে বাড়ির ব্যালকনির তালা ভেঙে প্রবেশ করে। পরে জানালার গ্রীল কেটে ঘরের ভেতরে ঢুকে দুটি কক্ষ তছনছ করে। এ সময় নগদ প্রায় ৪০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালঙ্কার ও ১০ ভরি রৌপ্যসহ আনুমানিক ৮ লাখ টাকার সম্পদ চুরি করে নিয়ে যায়।
পরিবারের সদস্যদের দাবি, চোরেরা সম্ভবত অচেতন করার তীব্র স্প্রে ব্যবহার করেছিল। এ কারণে কেউ কোনো শব্দ বা নড়াচড়া টের পাননি। ফলে নির্বিঘ্নে চুরি সংঘটিত হয়।
স্থানীয়রা জানান, সম্প্রতি মহম্মদপুর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় একই ধরনের অভিনব কৌশলে চুরির ঘটনা বেড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
ঘটনার খবর পেয়ে শুক্রবার (৫ জুন) দুপুরে মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান দৈনিক খবরের আলো’কে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্তব্য করুন