শিউলি আফরোজ সাথী, মাগুরা :-
সংবাদ সম্মেলনে মাগুরা সদর উপজেলার জগদল গ্রামে বহুল আলোচিত একই পরিবারের তিন ভাইকে কুপিয়ে হত্যা মামলার দ্রুত বিচার চান নিহত স্বজনরা।
আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে জগদলের আলোচিত হত্যাকাণ্ডে নিহত আব্দুর রহমান মোল্লার পুত্র বিএনপি কর্মী ওমর ফারুক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান না দেওয়ায় ২০২১ সালের ১৫ই অক্টোবর একই গ্রামের সাবেক মেম্বার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ও তার বাহিনীর লোকজন পরিকল্পিত ভাবে প্রকাশ্যে তার পিতা আব্দুর রহমান মোল্লা, চাচা কবির মোল্লা ও সবুর মোল্লাকে কুপিয়ে ও জবাই করে নিশংস ভাবে হত্যা করে।
স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের নির্দেশে মামলা থেকে বাঁচতে নিজেদের পক্ষের ইমরান কেও ওই রাতে হত্যা করে যা পুলিশি তদন্তে এবং আদালতে জালাল শেখ নামে এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
তৎকালীন আওয়ামী লীগের এমপি সাইফুজ্জামান শিখর এর ঘনিষ্ঠ হওয়ায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের নাম থানা থেকে বাদ দিয়ে ৬৮ জনের নামে হত্যা মামলা দায়ের করে নিহতদের ভাই আনোয়ার মোল্লা। অন্যদিকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেরাই হত্যা করে ইমরান হত্যা মামলায় বাদী আনোয়ার সহ নিহতদের পরিবারের সদস্যদেরকে হত্যা মামলায় আসামি করে হয়রানি করেছে।
রাজনৈতিক প্রভাব এবং অর্থ বিনিময়ের মাধ্যমে ঝিনাইদাহ পিবিআই এর কর্মকর্তা আমির আব্বাস হত্যা মামলার তদন্ত শেষে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের নাম বাদ দিয়ে ৬৮ জনের নামে চার্জশিট দাখিল করেছে। হত্যার তিন বছর পার হলেও আদালতে মামলাটি ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।
অন্যদিকে সকল আসামি জামিনে মুক্ত হয়ে বাদীপক্ষকে প্রাণ নাশের হুমকি এবং হয়রানি করছে।
সংবাদ সম্মেলনে নিহত সবুর মোল্লার পুত্র আলিপ রানা, নিহত কবির মোল্লার স্ত্রী সবুরা বেগম এবং ২০০৩ সালে একই আসামিদের দ্বারা জরিপ মোল্লার ছেলে মাহফুজ ইয়াসিন বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত এই হত্যা মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সংবাদ সম্মেলনে মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ অর্ধশত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।