মাগুরায় পুলিশের চোখ ধাঁধানো অভিযান: ফরিদপুর-মাগুরার ডজন মামলার কুখ্যাত ডাকাত রিপন গ্রেফতার

ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার।

মাগুরার মহম্মদপুরে অভিযান চালিয়ে মো. রিপন ফকির (২৮) নামে এক পেশাদার ডাকাত ও অস্ত্রধারী অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারকৃত রিপনের বিরুদ্ধে ফরিদপুর ও মাগুরার বিভিন্ন থানায় ডাকাতি, চুরি এবং অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে মহম্মদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে মহম্মদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রিপন ফকির ফরিদপুর জেলার সালথা থানার বাংকরাইল (বারইখোলা) গ্রামের বাসিন্দা এবং মো. কেরামত ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মহম্মদপুর থানায় দায়ের করা একটি চুরি মামলার (মামলা নং-৪, ধারা ৪৫৭/৩৮০, পেনাল কোড) তদন্তের অংশ হিসেবে এসআই গাজী ইকবাল হোসেনের নেতৃত্বে মহম্মদপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে রিপন ফকিরকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিভিন্ন তথ্য উঠে আসে। পরে তার অপরাধের রেকর্ড যাচাই করে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ ডাকাতি, চুরি ও অস্ত্রসংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ফরিদপুর, বোয়ালমারী ও মাগুরার বিভিন্ন থানায় অন্তত এক ডজন মামলা রয়েছে বলে পুলিশ দাবি করেছে।
মহম্মদপুর থানা পুলিশ জানায়, এখন পর্যন্ত ফরিদপুর কোতোয়ালি থানা, সালথা থানা এবং মাগুরার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত সাতটি মামলার তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে কয়েকটি মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে এবং কয়েকটি মামলা তদন্তাধীন রয়েছে। অন্যান্য থানায় থাকা মামলার তথ্যও সংগ্রহ করা হচ্ছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. শামিম আহমেদ বলেন, গ্রেফতারকৃত রিপন ফকির একজন পেশাদার ডাকাত। দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধী ও সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন