
ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার
মাগুরায় একটি প্রতিষ্ঠানের অফিসের ড্রয়ার থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ১ লাখ ১০ হাজার ৫৩০ টাকা, দুটি মোবাইল ফোন ও চুরির কাজে ব্যবহৃত একটি হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা সদর থানাধীন এমআর রোডে সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে একটি দ্বিতল ভবনে মেরিকো বাংলাদেশ লিমিটেডের ডিস্ট্রিবিউশন ডিলারশিপের অফিস ‘ট্রাইকোন এন্টারপ্রাইজ’। গত ২৫ আগস্ট সকাল ৯টা থেকে ১০টার মধ্যে মুখে মাস্ক পরিহিত এক ব্যক্তি অফিসে প্রবেশ করে ড্রয়ার থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন প্রতিষ্ঠানের মালিক শেখ শাকিল হোসেন ও শাহরিয়া সিদ্দিক শুভ্র।
পরে তারা মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে গিয়ে বিষয়টি জানান। ঘটনাটি অবহিত হওয়ার পর পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা, চুরির রহস্য উদঘাটন, আসামিদের গ্রেপ্তার এবং চুরি হওয়া টাকা উদ্ধারের জন্য মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে নির্দেশ দেন।
পুলিশের নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাগুরা থান্দার খায়রুল হাসান পিপিএমের তত্ত্বাবধানে সিসিআইসি মাগুরার এসআই (নিঃ) অজয় দাসের নেতৃত্বে একটি দল তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলসহ মাগুরা জেলার বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়। পাশাপাশি গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চালানো হয়।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই চুরির ঘটনায় জড়িত চক্রের সদস্যদের শনাক্ত করা সম্ভব হয়। এরই ধারাবাহিকতায় ২৭ আগস্ট রাত ৩টার দিকে এসআই অজয় দাসের নেতৃত্বে সিসিআইসি ও মাগুরা সদর থানা পুলিশের একটি দল শ্রীপুর উপজেলার চর গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন—মো. বাপ্পী হাসান (২৬), পিতা তারিকুল শেখ, মাতা শারমিন বেগম এবং মো. আসিফ শেখ (২০), পিতা কওসার শেখ, মাতা সেলিনা বেগম। তাদের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার চর গোয়ালপাড়া এলাকায়।
পুলিশের দাবি, বাপ্পী হাসান এ চুরির মূল পরিকল্পনাকারী। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে চুরি হওয়া ১ লাখ ১০ হাজার ৫৩০ টাকা, দুটি মোবাইল ফোন এবং চুরির কাজে ব্যবহৃত একটি হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে চুরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং চুরি হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত, মানবাধিকার রক্ষা এবং অপরাধ দমনে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।




