অনলাইন ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বা আইন প্রয়োগকারী সদস্যদের হত্যাকারী অভিবাসীদের মৃত্যুদণ্ডের আহ্বান জানিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের কলোরাডোর অরোরায় একটি নির্বাচনী সমাবেশে এ আহ্বান জানিয়েছেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যেসব অভিবাসী আমেরিকার নাগরিক কিংবা আইন প্রয়োগকারীদের হত্যা করেছেন, আমি তাঁদের ফাঁসির সাজা দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, “এখন আমেরিকা সারা বিশ্বে অধিকৃত আমেরিকা হিসাবে পরিচিত।”
আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। নির্বাচনী প্রচারে ট্রাম্পকে এর আগেও অভিবাসনবিরোধী বক্তব্য দিতে দেখা গেছে। অভিবাসীবিরোধী বক্তব্যের জন্য এরই মধ্যে ব্যাপক আলোচনা–সমালোচনার জন্ম দিয়েছেন ট্রাম্প।
একটি জরিপে দেখা গেছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে অভিবাসননীতি। অনেক ভোটারই মনে করছেন, ট্রাম্পই এ সমস্যার সমাধানে সবচেয়ে যোগ্য ব্যক্তি।