
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৬ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত ও মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী এলাকায় প্রবেশ করেন আমিনুল হক।
এরপর মিরপুর-১০ নম্বর ‘সি’ ব্লক এলাকায় অবস্থিত গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কার্যক্রম শুরু হয়। গণসংযোগকালে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এ সময় আমিনুল হক এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি তিনি ভোটারদের হাতে তার ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা ও পরিকল্পনা সংবলিত লিফলেট তুলে দেন।
আমিনুল হক বলেন,
“জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। ঢাকা-১৬ আসনের মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমি মাঠে নেমেছি। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”
গণসংযোগে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রচারণাকালে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা, যা নির্বাচনী আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।