ফ্রান্সের ঘরোয়া শিরোপায় প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ট্রফি ক্যাবিনেট ভরপুর। কিন্তু সেখানে ইউরোপিয়ান ট্রফি বলতে এতদিন ছিল শুধু একটি করে উয়েফা কাপ উইনার্স কাপ এবং উয়েফা ইন্টারটোটো কাপ। তবে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় শিরোপা ইউরোপিয়ান কাপ বা বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ তাদের অধরা-ই ছিল।
২০১১ সালে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট পিএসজির মালিকানা বুঝে নেওয়ার পর থেকেই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাকে পাখির চোখ করে তারা। বিশ্বের সেরা সব ম্যানেজার এবং মেসি-নেইমার-এমবাপ্পের মতো ড্রিম লাইনআপ নিয়েও সেই শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। অবশেষে গতরাতে ক্লাবটির সে পরম আরাধ্য স্বপ্ন পূরণ হয়েছে। জার্মানির আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে পিএসজি।
এমন অবিশ্বাস্য জয়ের পর স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা নেচে-গেঁয়ে পতাকা উড়িয়ে শিরোপা উৎসব করেছেন। কেউ কেউ আবার এই ঐতিহাসিক জয়ের পর ফাইনালের স্মৃতিচিহ্ন নিয়ে যেতেও ভুলেননি।
চ্যাম্পিয়নস লিগ ফাইনালকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ছিল স্টেডিয়ামে। এরপরও পিএসজির সমর্থকদের একটা অংশ পুরস্কার বিতরণীর পর মাঠে ঢুকে পড়েন। এসময় সমর্থকদের অনেকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের স্মারক সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। কেউ ছিঁড়ে নেন গোলপোস্টের জাল। কেউ ছিঁড়ে নেন মাঠের ঘাস। আবার কেউ স্টেডিয়ামের মাটি পর্যন্ত নিয়ে যান স্মারক হিসেবে। তবে পুলিশকর্মীরা সতর্ক থাকায় অপ্রীতিকর কিছু ঘটেনি।
