১৩ই জুন, ২০২৬
Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

মিরপুরে আ’লীগ-বিএনপি নেতাদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রাজধানীর মিরপুরের রূপনগরের দুয়ারীপাড়া এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) শতকোটি টাকা মূল্যের সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

শনিবার (৯ মে) সকাল ১০টার দিকে রূপনগরের দুয়ারীপাড়ার ৮ নম্বর সেকশনের ক-খ ব্লকে সরকারি রাস্তা দখল করে সেখানে বাউন্ডারি নির্মাণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুর রহমান একই দিন রূপনগর থানায় একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়, জাতীয় গৃহায়নের মালিকানাধীন মিরপুরের দুয়ারীপাড়া সেকশন-৮-এর ব্লক ক ও খ এলাকায় এবং ব্লক-খের ১ থেকে ৫ নম্বর সড়কের পূর্ব পাশের ওয়াসার ড্রেনসংলগ্ন জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা সম্প্রতি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় উচ্ছেদ করা হয়েছিল।
তবে শনিবার সকালে একটি চক্র পুনরায় ওই সরকারি জমি দখল করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ছাত্র হত্যা মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন মেম্বার, শিপু মোল্লা এবং বিএনপি নেতা আমজাদ হোসেন মোল্লাসহ সিয়াব উদ্দিন, নজরুল ইসলাম (নজু), দুলাল, আক্তার হোসেন, স্বপন, আইজল, আরিফ, রাজু (চান্দি রাজু), সেলিম, সুমন ও সোহেল। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, দুয়ারীপাড়ার ১ থেকে ৫ নম্বর সড়কের পূর্ব পাশের প্রায় ৪০ ফুট প্রশস্ত সরকারি রাস্তা দখল করে সেখানে অবৈধভাবে বাউন্ডারি নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে সেখানে টিনশেড ঘর নির্মাণের প্রস্তুতিও চলছে বলে অভিযোগ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে রূপনগর থানার পরিদর্শক (অপারেশন) মো. তারেকুজ্জামান বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন