যুক্তরাষ্ট্রে বন্দি আফিয়া সিদ্দিকীর মুক্তির বিষয়ে যা জানালো পাকিস্তান

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কারাগারে এক দশকেরও বেশি সময় ধরে বন্দি থাকা ড. আফিয়া সিদ্দিকীর মুক্তির বিষয়ে এখনো কোনো সাফল্য অর্জন সম্ভব হয়নি। ইসলামাবাদ সরকার আফিয়ার মুক্তির বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

এক্সপ্রেস ট্রিবিউনের একটি প্রতিবেদনে বলা হয়, ড. আফিয়ার মানবিক মুক্তি চেয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া আফিয়ার ক্ষমা, মুক্তি

এবং পাকিস্তানে ফেরার জন্য মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তবে এসব প্রচেষ্টায় এখনো সফলতার দেখা মেলেনি।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতাকালে পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এসব তথ্য তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, তবে যুক্তরাষ্ট্রের প্রশাসনকে রাজি করাতে যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।

গত বছরের শুরুতে টেক্সাসের একটি কারা হাসপাতালে আফিয়াকে দূর থেকে চার ঘণ্টার জন্য দেখার সুযোগ পান তার বোন ড. ফৌজিয়া সিদ্দিকি। পাকিস্তানে ফিরে এসে ফৌজিয়া জানান, আফিয়ার শারীরিক অবস্থা আশানুরূপ নয়।

মন্তব্য করুন