লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত অর্ধশতাধিক

লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাণঘাতী হামলায় আরও অন্তত ৫৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৮২ জন। শনিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট ৩ হাজার ৪৪৫ জন নিহত এবং ১৪ হাজার ৫৯৯ জন আহত হয়েছেন।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত বাড়তে থাকে। সেপ্টেম্বর থেকে এই সংঘাত পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেয়।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো ও অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। অন্যদিকে, হিজবুল্লাহও পাল্টা আঘাতে ইসরায়েলি সেনাদের হত্যার পাশাপাশি ইসরায়েলের সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালাচ্ছে।

ইসরায়েলি হামলার ফলে লেবাননের এক মিলিয়নেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমা ছাড়িয়ে আরও ব্যাপক আকার ধারণ করতে পারে।

বিশ্ববাসীর চোখ এখন এই সংঘাতে। কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হলেও পরিস্থিতি ক্রমেই আরও জটিল হচ্ছে।

মন্তব্য করুন