
নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুরের জাজিরা উপজেলায় জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচির সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিজয় টিভির জাজিরা প্রতিনিধি সাংবাদিক মাহমুদুর রহমান জুয়েল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কর্মসূচি চলাকালে উভয় পক্ষের উত্তেজনাকর পরিস্থিতি ও ঘটনাপ্রবাহের ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক মাহমুদুর রহমান জুয়েল। এ সময় কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি আহত হন এবং কিছু সময়ের জন্য তার সংবাদ সংগ্রহের কাজ ব্যাহত হয়।
ঘটনার পর আহত সাংবাদিক আইনি প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি বর্তমানে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা বলেন, সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হওয়া অত্যন্ত নিন্দনীয় এবং গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।
তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।




