
(শরীয়তপুর থেকে: মোঃ মনির হোসেন)
শরীয়তপুরের জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদুল ইসলামের বদলিজনিত বিদায় উপলক্ষে তাঁকে সংবর্ধনা দিয়েছে দৈনিক কীর্তিনাশা পরিবার। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জাজিরা উপজেলায় আয়োজিত এক আন্তরিক অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক কীর্তিনাশা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ রতন আলী মোড়ল, জাজিরা প্রেসক্লাব ও জাজিরা রিপোর্টার্স ইউনিটি’র সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বিদায়ী ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্বশীলতা, সততা ও জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, জাজিরা উপজেলায় দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের সেবায় নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর কর্মদক্ষতা ও মানবিক আচরণ উপজেলার মানুষের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে তাহমিদুল ইসলাম বলেন, “জাজিরা উপজেলায় দায়িত্ব পালন করতে গিয়ে আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এখানকার মানুষের ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতা আমি আজীবন মনে রাখবো।”
অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনও তাহমিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।