
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সফিকুর রহমান কিরন জাতীয় সংসদে তাঁর নির্বাচনী এলাকার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে সখিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার জোর দাবি জানিয়েছেন।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সখিপুর অঞ্চলের ভৌগোলিক বিস্তৃতি, জনসংখ্যার ঘনত্ব এবং প্রশাসনিক প্রয়োজনীয়তার কথা বিবেচনায় থানাটিকে উপজেলায় রূপান্তর করা এখন সময়ের দাবি। এতে স্থানীয় জনগণের জন্য প্রশাসনিক সেবা আরও সহজলভ্য হবে এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সখিপুরবাসী এই দাবি জানিয়ে আসছেন। জনগণের সেই ন্যায্য দাবি ও প্রত্যাশার প্রতিফলন হিসেবেই তিনি মহান জাতীয় সংসদে বিষয়টি উপস্থাপন করেছেন।
এদিকে, সংসদে এই দাবি উত্থাপনের খবর ছড়িয়ে পড়লে সখিপুরসহ পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে আশাবাদ তৈরি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জনগণ কাঙ্ক্ষিত সেবাগুলো আরও দ্রুত পাবে।




