শরীয়তপুরে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শরীয়তপুর.জুয়েল হোসেন

শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে জেলা আওয়ামী লীগের সদস্য ও আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ৩টার দিকে জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়কের মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পালং মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন হাওলাদারকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে পুলিশের দাবি।

পুলিশের ভাষ্য, দীর্ঘদিন ধরে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে অর্থদাতা, পরামর্শদাতা ও যোগানদাতা হিসেবে কাজ করে আসছিলেন। এসব অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

বর্তমানে আনোয়ার হোসেন হাওলাদার পালং মডেল থানার হেফাজতে রয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, “তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে অর্থদাতা, পরামর্শদাতা ও যোগানদাতা হিসেবে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

 

মন্তব্য করুন