
আবু বকর সিদ্দিক,
স্টাফ রিপোর্টার:
শরীয়তপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পালং মডেল থানা পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের পেছনের সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মাদারীপুর সদর থানার ঝিকরহাটি গ্রামের আবেদ আলী সরদারের ছেলে কালু সরদার (৪৫) এবং মোস্তফাপুর এলাকার রতন মাতুব্বরের ছেলে ছালাম মাতুব্বর (৪৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা প্লাস্টিকের বস্তায় গাঁজা নিয়ে মোটরসাইকেলযোগে মাদারীপুরের দিকে যাচ্ছিলেন। গোপন খবরের ভিত্তিতে পালং মডেল থানা পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে বস্তা তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ-আলম বলেন,
”গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।”




