প্রতিবেদক, আলী আশরাফ লিটন
রাজধানীর ব্যস্ত নাগরিক জীবনের ক্লান্তি কাটিয়ে কিছুটা স্বস্তির খোঁজে অনেকেই ছুটে যান খোলা প্রকৃতির কাছে। ঢাকার মিরপুর বেড়িবাঁধসংলগ্ন তুরাগ নদীর তীরে গড়ে ওঠা প্রায় দুই কিলোমিটার দীর্ঘ ওয়াকওয়ে এখন এমনই একটি জনপ্রিয় গন্তব্য। সকাল কিংবা বিকেলে এখানে হাঁটাহাঁটি, শরীরচর্চা অথবা নদীর পাড়ে বসে সময় কাটাতে প্রতিদিনই ভিড় করেন নানা বয়সের মানুষ।

তুরাগ ব্রিজ ও আশপাশের ঘাটসংলগ্ন এলাকাজুড়ে নির্মিত এই ওয়াকওয়ের নদীতীর বাঁধানো থাকায় স্বাচ্ছন্দ্যে হাঁটা যায়। নদীর শীতল বাতাস আর খোলামেলা পরিবেশ শহরের কংক্রিটের ভিড় থেকে কিছুটা স্বস্তি এনে দেয় দর্শনার্থীদের।
ওয়াকওয়ের পাশে বসারও ব্যবস্থা রয়েছে। অনেকেই সেখানে বসে নদীর সৌন্দর্য উপভোগ করেন, গল্প করেন কিংবা বিকেলের অবসর সময় কাটান।
এ ছাড়া ছোট নৌকায় তুরাগ নদীতে ভ্রমণেরও সুযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রতি ঘণ্টায় প্রায় ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে নৌকা ভাড়া পাওয়া যায়। ফলে নদীতে ঘুরে দেখার অভিজ্ঞতাও যুক্ত হয় ভ্রমণে।
দুপুরের তীব্র রোদ এড়িয়ে সকালে অথবা বিকেলের দিকে এখানে যাওয়াই সবচেয়ে উপযুক্ত। বিশেষ করে সূর্যাস্তের সময় নদী ও আকাশের মনোমুগ্ধকর দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করে।
রাজধানীর খুব কাছেই এমন খোলামেলা পরিবেশ থাকায় পরিবার, বন্ধু কিংবা স্বজনদের সঙ্গে অবসরের সময় কাটানোর জন্য মিরপুরের তুরাগ নদীর এই ওয়াকওয়ে ধীরে ধীরে নগরবাসীর অন্যতম প্রিয় বিনোদনকেন্দ্রে পরিণত হচ্ছে।
