শালিখায় ১১০০ চিতল পোনা অবমুক্ত জলজ জীববৈচিত্র্য রক্ষা ও দেশীয় মাছের উৎপাদন বাড়াতে মৎস্য অভয়াশ্রমে উদ্যোগ

স্টাফ রিপোর্টার :
জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন ও প্রাকৃতিক জলাশয়ে মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে মাগুরার শালিখা উপজেলায় ১১০০টি চিতল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে ১০ থেকে ১১ ইঞ্চি আকারের এসব পোনা অবমুক্ত করা হয়।

Biodiversity for Resilient Livelihoods (B4RL) in the Modified Ganges Delta of Bangladesh প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচিতে অর্থায়ন করেছে সুইডিশ দূতাবাস, ঢাকা, বাংলাদেশ। বাস্তবায়নকারী সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (CNRS)। কারিগরি সহযোগিতায় ছিল শালিখা উপজেলা মৎস্য দপ্তর এবং সার্বিক সহযোগিতা করে উপজেলা প্রশাসন, শালিখা, মাগুরা।

কর্মসূচির অংশ হিসেবে কানুদার খাল অভয়াশ্রম, ফটকি নদীর চুকিনগর এবং ভাটোয়াইল গ্রামের নিকটবর্তী মৎস্য অভয়াশ্রমে মোট ১১০০টি চিতল মাছের পোনা অবমুক্ত করা হয়।

আয়োজকরা জানান, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বিস্তার নিশ্চিত করার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক উৎসে মাছের উৎপাদন বৃদ্ধিই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং জীবিকার স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী, শালিখা উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি
সি এন আর এস ফিল্ড ম্যানেজার সরোয়ার হোসেন, এবং সাইট অফিসার মো. সাহিদুল ইসলাম।

এ সময় মঘি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ফখরুদ্দিন মন্ডল, আড়পাড়া-চুকিনগর এলাকার সদস্য প্রদীপ মণ্ডল, রাজীব মন্ডল, আরাফাত বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, B4RL প্রকল্পটি CNRS-এর নেতৃত্বে BELA, CEDIO ও IUCN-এর অংশীদারিত্বে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে গাঙ্গেয় বদ্বীপের পরিবর্তিত পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণ ও স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা আরও সহনশীল ও টেকসই করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য করুন