
ফয়সাল হায়দার | স্টাফ রিপোর্টার
মাগুরার মহম্মদপুরে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী-এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের কাজী সালিমা হক মহিলা কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, শিক্ষকদের বেতন দ্বিগুণ করার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
মন্ত্রী আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গঠিত কমিটির মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। অতীতের অবনতিশীল শিক্ষা ব্যবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি সারাদেশের উপজেলা পর্যায়ের শিল্পকলা একাডেমি, পাবলিক লাইব্রেরি ও গণগ্রন্থাগারের উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আলী আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মুহঃ শাহনুর জামান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট খাঁন রোকনুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




