শ্রমিক অসন্তোষে গাজীপুরে ৬ কারখানা বন্ধ, মোতায়েন ১২ প্লাটুন বিজিবি

 

মহিউদ্দিন আহমেদ:
গাজীপুরের শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ছয়টি শিল্প কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে শিল্প এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিক অসন্তোষের কারণে ছয়টি কারখানা রোববারের জন্য বন্ধ রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানে ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি কার্যকর থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে কর্তৃপক্ষ কারখানাগুলো পুনরায় চালু করার সিদ্ধান্ত নেবে।

মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ছয়টি কারখানা বন্ধের একটি তালিকা শিল্প পুলিশের কাছে রয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের শ্রমিকদের এখনো ছুটি দেওয়া হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, রোববারও গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় কয়েকটি কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কোথাও শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করছেন। শিল্প পুলিশ সার্বিক পরিস্থিতি নজরদারিতে রেখেছে। কোনো কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে বন্ধের নোটিশ না দেওয়া পর্যন্ত সেটিকে বন্ধ হিসেবে গণ্য করা হবে না।
এদিকে গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শ্রমিক অসন্তোষের কারণে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে শিল্পাঞ্চলে নজরদারি জোরদার করা হয়েছে।

১৫/১১/২৬ইং

মন্তব্য করুন