হাজী মোহাম্মদ আমিরুজ্জামান আমির:
বাংলাদেশের সড়ক ও সেতু প্রকল্প নিয়ে গবেষণায় যে তথ্য বেরিয়ে এসেছে, তা পাঠকের জন্য হজম করা খুবই কঠিন। আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছরের শাসনামলে এই খাতের প্রকল্পগুলো থেকে লোপাট হয়েছে ৫১ হাজার কোটি টাকা।
ইতিহাস সাক্ষী, ক্ষমতার পালাবদলের সময় পত্রপত্রিকায় আগের সরকারের দুর্নীতির তথ্য ফলাও করে প্রকাশ করা হয়। অথচ যে সরকার সেই দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণার মাধ্যমে ক্ষমতায় আহরণ করে, তারাও কিছুদিন পর থেকে একই দোষে দুষ্ট হতে থাকে। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ আসলে নামকা ওয়াস্তে বলা কথামালার রাজনীতির অংশ। বাস্তবে সে রকম পরিকল্পনা করে দুর্নীতির লাগাম টেনে ধরা হয় না। রাজনীতি ও আমলাতন্ত্রের ভাবনায় পরিবর্তন না এলে এই দুর্নীতির বেড়াজাল ভেঙে বেরিয়ে আসা সম্ভব নয়।
সরকারের জবাবদিহি নিশ্চিত না হলে দুর্নীতি ঠেকানো যাবে না। সুবিধাভোগীদের বিতাড়িত করে ত্যাগী তৃণমূল পর্যায়ের আদর্শকেন্দ্রিক নেতাদের দলের শীর্ষস্থানে নিয়ে এলে রাজনীতি যে জনগণের সেবার জন্য করা হয়, সে কথা প্রতিষ্ঠিত হবে। আর এই দুর্নীতিবাজ ঠিকাদার ও সরকারি কর্মকর্তাদেরও আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। জনগণ যেন পরিষ্কার চোখে দেখতে পায়, অন্যায় করে পার পাওয়া যায় না।
কথাগুলো বলা সহজ, কাজে পরিণত করা কঠিন। লোভ যখন সততার চেয়ে বড় হয়ে ওঠে, তখন সততার প্রতি আস্থা রাখা কঠিন। শিশু বয়স থেকেই দুর্নীতিকে ঘৃণা করার শিক্ষা দেওয়া দরকার। ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে মনস্তাত্ত্বিক প্রস্তুতিও বাঞ্ছনীয়।





