সন্ত্রাস-নৈরাজ্যকারীদের এ দেশে ঠাঁই হবে না: তথ্য প্রতিমন্ত্রী।

 

জামালপুর প্রতিনিধি: সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের এ দেশে কোনো ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের গেইটপাড়া এলাকায় জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

ইয়াসের খান চৌধুরী বলেন, দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির এ দেশে কোনো জায়গা নেই। তাঁর অভিযোগ, তারা দেশের অর্থ বিদেশে পাচার করেছে এবং দেশের মানুষের ক্ষতি করেছে। এসব ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার কথাও বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ও গুপ্তরা’ সুপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে তারেক রহমানের সরকারের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে জামালপুরের রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ‘গণহত্যা’ এবং রাজনৈতিক নেতাকর্মীদের গুম-খুনের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবীর তালুকদার শামীম।

এ সময় বক্তব্য দেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি এ ই সুলতান মাহমুদ বাবু এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম।

সমাবেশ শেষে শহরে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। গেইটপাড়া থেকে শুরু হয়ে মিছিলটি শহরের তমালতলা এলাকায় গিয়ে শেষ হয়। এতে জেলা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও থানা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

মন্তব্য করুন