আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর যুবদলের ৪ নম্বর ওয়ার্ড কার্যালয়ে অগ্নিকান্ড ও ককটেল বিস্ফোরণ মামলায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- একই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পরিমল মন্ডল (৩৮) ও ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম হীরা (৩০)। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৯ আগস্ট রাত ১১ টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের তিয়রপাড়া মোড়ে অবস্থিত ওয়ার্ড যুবদল কার্যালয়ে ককটেল বিস্ফোরন ও অগ্নিকান্ডের ঘটনায় একই ওয়ার্ডের যুবদল নেতা আশিক বাদী হয়ে সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ৭৭ জনের নামে এবং আজ্ঞাত আরো ১৫০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামীরা আত্মগোপনে যান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নিজ নিজ বাড়ি থেকে এজাহারভুক্ত আসামী পরিমল মন্ডল ও নূরে আলম হীরাকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।