আমিনুল ইসলাম পারভেজ, জামালপুর:
পাসপোর্ট সেবা নিতে আসা গ্রহীতাদের হয়রানি, ঘুষ গ্রহণ ও আর্থিক অনিয়মের অভিযোগে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা গেছে, পাসপোর্টের আবেদন, তথ্য সংশোধন, ছবি ও বায়োমেট্রিক গ্রহণসহ বিভিন্ন ধাপে সেবা নিতে আসা গ্রহীতাদের হয়রানি করার অভিযোগ রয়েছে। নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় এবং ঘুষের বিনিময়ে দ্রুত কাজ করে দেওয়ার অভিযোগও পেয়েছে সংস্থাটি।
অভিযোগের মধ্যে আরও রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে দালালের মাধ্যমে গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়। টাকা দিলে দ্রুত সেবা পাওয়া যায়—এমন অভিযোগও রয়েছে। এ ছাড়া অফিসের বিভিন্ন কার্যক্রমে আর্থিক অনিয়ম ও নিয়মবহির্ভূত লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।
এসব অভিযোগের সত্যতা যাচাই করতে মঙ্গলবার সকালে পাসপোর্ট অফিসে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র পরীক্ষা করা হয় এবং অফিসের কার্যক্রম সম্পর্কে তথ্য নেওয়া হয়।
জামালপুর দুদকের উপপরিচালক জিহাদুর ইসলাম বলেন, ‘বিভিন্ন অসংগতি পেয়েছি আমরা।’ রেজিস্টারপত্র পরীক্ষা ও অভিযোগের সত্যতা যাচাই শেষে বিস্তারিত প্রতিবেদন দুদক কমিশনে দাখিল করা হবে।
তিনি আরও বলেন, কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দুদকের এই অভিযানকে ঘিরে পাসপোর্ট সেবা নিতে আসা গ্রহীতাদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযানে পাওয়া অসংগতিগুলো কী ধরনের এবং অভিযোগের কতটুকু সত্যতা রয়েছে, তা দুদকের পরবর্তী তদন্ত ও প্রতিবেদনের পরই স্পষ্ট হবে।।




