সম্প্রতি দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে মনীশ ওঝা বলেন, ‘আমার মতে, বৈভব অন্তত ভারতের টি-টোয়েন্টি দলে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। ও আন্তর্জাতিক মঞ্চের চাপে একদমই ভড়কাবে না।
’মাত্র ১৩ বছর বয়সে আইপিএল ২০২৫ মেগা নিলামে রাজস্থান রয়্যালস ভৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে নেয়। আইপিএলের সেই আসরেই সাত ইনিংসে ২৫২ রান করেন তিনি, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ২০৬.৫৬। সবচেয়ে আলোচিত ইনিংসটি আসে ২৮ এপ্রিল জয়পুরে গুজরাট টাইটান্সের বিপক্ষে, মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেট দুনিয়ায় আলোড়ন তোলেন তিনি।
’শুধু টি-টোয়েন্টি নয়, ওয়ানডে ক্রিকেটেও সুযোগ পাওয়ার যোগ্যতা রয়েছে সূর্যবংশীর, এমনটাই মনে করেন তার কোচ। ‘চূড়ান্ত সিদ্ধান্ত বিসিসিআইয়ের হাতে। তবে আমার মতে, দেরি না করে ওকে টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে সুযোগ দেওয়া উচিত। এটা ভারতের জন্যও একটি রেকর্ড হবে এবং একজন তরুণ ক্রিকেটারের জন্য বিশাল অনুপ্রেরণা,’ বলেন মনীশ।
