৩০০ কোটির মালিক কে এই গায়িকা, চেনেন কী?

ভারতের প্রথম সারির গায়িকাদের মধ্যে শ্রেয়া ঘোষাল বা সুনিধি চৌহানের নাম আসে। এ সময়ের ধনী গায়িকা বললে হয়তো শ্রেয়া ঘোষাল বা সুনিধি চৌহানের নাম মনে হবে। তবে তাঁরা নন, ইন্ডিয়ান টাইমসের মতে, দেশটির সবচেয়ে ধনী গায়িকা আরেকজন। কে তিনি?

এই গায়িকা আর কেউ নন তুলসী কুমার। কেবল প্লেব্যাক শিল্পী নন, তিনি রেডিও জকি হিসেবেও কাজ করেছেন। দেখা গেছে অভিনয়েও।

তুলসী কুমারের সম্পদের পরিমাণ ২১০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকা। তাঁর এত ধনসম্পদের অনেকটা যে পারিবারিক ব্যবসা থেকে এসেছে, সে কথা বলাই বাহুল্য।

তাঁর বাবা ভারতের অন্যতম সফল ব্যবসায়ী ও প্রভাবশালী একটি অডিও প্রযোজনা সংস্থার প্রতিষ্ঠাতা। ২০০৯ সালে ‘লাভ হো জায়ে’ নামে তাঁর প্রথম অ্যালবাম মুক্তি পায়। প্লেব্যাকে অবশ্য আগেই তাঁর অভিষেক হয়েছে।

২০০৬ সালে ‘চুপ চুপ কে’ সিনেমায় সনু নিগমের সঙ্গে প্লেব্যাকে অভিষেক হয় তাঁর। দীর্ঘ ক্যারিয়ারে প্রীতম, আনু মালিক, হিমেশ রেশমিয়া, আদনান সামি, বাপ্পী লাহিড়ি, সেলিম-সুলায়মানসহ প্রথম সারির সুরকারের সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁর গাওয়া ‘তানহাই’ ব্যাপক জনপ্রিয়তা পায়।

গানের জন্য বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন এই গায়িকা। এর মধ্যে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি পুরস্কারে সেরা গায়িকা ও মির্চি মিউজিক অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার উল্লেখযোগ্য।

মন্তব্য করুন