৫ আগস্ট জনগণের বিজয়ের দিন, পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের

প্রতিবেদন: মো. হাসিব

ঢাকা, ৫ আগস্ট— যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আমিনুল হক বলেছেন, ৫ আগস্ট শুধু স্বৈরাচারের পতনের দিন নয়, এটি বাংলাদেশের জনগণের বিজয়ের দিন। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের অর্জন নয়; দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষ এই বিজয় অর্জন করেছে। সেই বিজয়ের চেতনা ধারণ করে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার লক্ষ্য বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর পল্লবীতে রূপনগর-পল্লবী থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান দীর্ঘ ১৭ বছরের আন্দোলন, মামলা, হামলা, গুম ও নির্যাতনের ধারাবাহিকতার ফল। এটি ছিল দেশের সাধারণ মানুষের আন্দোলন এবং এই বিজয়ের সুফল জনগণের কাছেই পৌঁছে দিতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, পল্লবী-রূপনগরের প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, জনগণের আস্থা অর্জনের বিকল্প নেই। বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, দখলদারি বা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের ঘটনায় আইন তার নিজস্ব গতিতেই চলবে।

তিনি আরও বলেন, পল্লবী-রূপনগর এলাকায় স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার পাশাপাশি ছয়টি স্থানে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া শিগগিরই দুটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র চালু করা হবে।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী ও ফজলুল হক লাভলু, রূপনগর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুজিবুল হক, পল্লবী থানা যুবদলের সভাপতি নুর সালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বাপ্পী, পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রবিউল করিম বাবু, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি মনিরুজ্জামান রনিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন