১৩ই জানুয়ারি, ২০২৬

৬টি সংস্কার কমিশনে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের গঠিত ৬টি সংস্কার কমিশনে বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। অন্যদিকে, বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের গণতন্ত্রের সঙ্গে থাকবে, না গণহত্যাকারীর পক্ষে। সোমবার আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
আজ সোমবার সকালে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, পতিত সরকারের দোসররা এখনও সব জায়গায় বসে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। তবে, ছাত্র আন্দোলনের চেতনা সব ষড়যন্ত্র রুখে দেবে বলেও মনে করেন তিনি।

নির্বাচনি সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবও দেন বিএনপির এই নেতা। সালাহউদ্দিন আহমেদ আরো বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এটাই চায় বিএনপি।

অন্যদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদী সমাবেশে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ না নেওয়ায় ভারতের প্রধানমন্ত্রীর সমালোচনা করেন। বিদেশের যে টাকা পাচার হয়েছে তা ফেরত আনারও দাবি জানান তিনি।

মন্তব্য করুন