আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জাতীয় নির্বাচক কমিটি টি-টোয়েন্টি দল চূড়ান্ত করেছে। বোর্ডের ঘনিষ্ঠ সূত্র জানায়, আনুষ্ঠানিক ঘোষণা আগামী সপ্তাহে দেওয়া হবে।
ইনজুরির কারণে কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ মিস করা নাসিম শাহ সম্পূর্ণ ফিট। তিনি হারিস রউফ ও হাসান আলির সঙ্গে পেস আক্রমণ সামলাবেন বলে নিশ্চিত করা হয়েছে।
আগের সিরিজে ভালো পারফর্ম করা তরুণ ব্যাটার সায়েম আয়ুব ও মোহাম্মদ হারিস দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন। নির্বাচক কমিটি ভবিষ্যৎ টি-টোয়েন্টি পরিকল্পনায় এই দুই তরুণকে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করছে।
তবে ধারাবাহিকতার অভাবে বাদ পড়ছেন খুশদিল শাহ ও হুসেইন তালাত। তাদের জায়গায় সুযোগ পাচ্ছেন উদীয়মান অলরাউন্ডার ইরফান নিয়াজি, যিনি প্রথমবারের মতো পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ডাক পেতে যাচ্ছেন।
দল গঠনে এবার মূল গুরুত্ব দেওয়া হয়েছে ভারসাম্য ও গভীরতায়। হারিস রউফ, হাসান আলি ও নাসিম শাহ মিলে গড়ে তুলবেন পেস আক্রমণ, অন্যদিকে ব্যাটিং বিভাগে নেতৃত্বে থাকবেন বাবর আজম। সঙ্গে থাকবেন সায়েম আয়ুব ও মোহাম্মদ হারিসের মতো আগ্রাসী ব্যাটাররা।
টিকিট মূল্য ও ভেন্যু নির্ধারণ
এর আগে পিসিবি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিটের ন্যূনতম মূল্য ধরা হয়েছে ৪০০ রুপি এবং সর্বোচ্চ ৩,০০০ রুপি। টি-টোয়েন্টি ম্যাচের ভিআইপি টিকিট পাওয়া যাবে ৮০০ রুপিতে।
ওয়ানডে সিরিজ হবে ফয়সালাবাদে
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। দীর্ঘদিন পর এই স্টেডিয়ামে বড় আন্তর্জাতিক সিরিজ আয়োজিত হতে যাচ্ছে, তাই সমর্থকদের মাঝে দারুণ উৎসাহ দেখা গেছে। অনলাইনে ও নির্দিষ্ট বিক্রয়কেন্দ্রে শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে পিসিবি।
টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
ওয়ানডে সিরিজ শেষে অক্টোবর ২৮ থেকে নভেম্বর ১ পর্যন্ত অনুষ্ঠিত হবে পাকিস্তান–দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ।
- প্রথম টি-টোয়েন্টি: রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম
- দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি: লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম
টি-টোয়েন্টি সিরিজের আগে খেলোয়াড়দের জন্য একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
