
জেলা প্রতিনিধি নড়াইল:
আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় থাকা নড়াইলের একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন নাটোর জেলার বড়াইগ্রাম থানার সমাজসেবক রুহুল আমিন রুবেল। তিনি পরিবারের সব ধরনের বিয়ের খরচ বহন করে বিয়ের সম্পূর্ণ আয়োজনের দায়িত্ব নেন।
জানা যায়, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ঈশানগাতি গ্রামের বাসিন্দা রাবেয়া (১৮)-এর বাবা জালাল মোল্লা প্রায় আট বছর আগে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে মা মোছাম্মদ হেলেনা বেগম (৪৫) নানা কষ্টের মধ্য দিয়ে সংসার চালিয়ে আসছিলেন। আর্থিক অসচ্ছলতার কারণে মেয়ের বিয়ে দেওয়া পরিবারটির জন্য কঠিন হয়ে পড়ে।
পরিবারটির এমন পরিস্থিতির খবর পেয়ে নাটোরের বড়াইগ্রাম থানার রুহুল আমিন রুবেল নড়াইলে এসে বিয়ের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। তার উদ্যোগে প্রায় ১৫০ জন অতিথির জন্য খাবারের আয়োজন করা হয়। এছাড়া ১৫ জন বরযাত্রীর উপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে সুন্দর ও সুষ্ঠুভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
স্থানীয়রা জানান, রুহুল আমিন রুবেল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়ের সম্পূর্ণ ব্যয় বহন করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। তার এই উদ্যোগে এলাকাবাসী প্রশংসা প্রকাশ করেছেন।
মানবিক এই উদ্যোগ সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।




