এবার সীমান্তে ধান চাষে বাধা দিল বিএসএফ

সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কৃষক নজরুল ইসলাম গাজীকে তার জমিতে ধান চাষ করতে বাধা দিয়েছে। এর জেরে বাংদেশের বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত লক্ষ্মীদাড়ি সীমান্তের ৩ নং মেইন পিলারের দুই ও তিন নম্বর সাব পিলারের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিজিবির চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের লে. কর্নেল আশরাফুল হক, এবং বিএসএফের চার সদস্যের প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের কল্যাণী ১৫২ (বিএসএফ) ব্যাটালিয়নের কমান্ডার রমেশ কুমার।

লক্ষ্মীদাড়ি গ্রামের শাহীন গাজী জানান, তার বাবা নজরুল গাজী দীর্ঘ ৫০ বছর ধরে তাদের বাড়ির দক্ষিণ পাশের প্রায় এক বিঘা জমিতে ফসল চাষ করে আসছেন। গত শনিবার, তিনি দুই শ্রমিক নিয়ে ওই জমিতে চাষ করতে গেলে ভারতের ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের সদস্যরা চাষ করা যাবে না বলে বাধা দেন এবং দাবি করেন যে ওই জমি ভারতের।

বিষয়টি জানাজানি হলে, সদর উপজেলার ভোমরা বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা স্থানীয় কর্তৃপক্ষকে জানিয়ে পতাকা বৈঠকের আয়োজন করেন। বৈঠকে উভয়পক্ষের মধ্যে সীমান্তের অমীমাংসিত জমি নিয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে যে উভয় দেশের সার্ভেয়ারদের নিয়ে জমির সঠিক পরিমাপ করা হবে। মাপের কাজ শেষ না হওয়া পর্যন্ত, শূন্যরেখা এলাকায় কোনো পক্ষই নির্মাণ বা চাষাবাদ কাজ করতে পারবে না।

বিজিবি কর্মকর্তারা জানান, সাতক্ষীরা সীমান্তে বর্তমানে কোনো উত্তেজনা নেই।

মন্তব্য করুন