কন্যাকুমারীতে ভারতের প্রথম কাচের সেতু উদ্বোধন

ভারতে প্রথমবারের মতো কাচের সেতু নির্মাণ করা হয়েছে। তামিলনাড়ুর কন্যাকুমারীতে তৈরি হওয়া এই কাচের সেতুটি ৭৭ মিটার দীর্ঘ বাউস্ট্রিং আর্চ ব্রিজ। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন সেতুটির উদ্বোধন করেছেন, যা সমুদ্রের উপর বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং ১৩৩ ফুট উঁচু তিরুভল্লুভার মূর্তির মধ্যে সংযোগ স্থাপন করছে।

এই সেতুর মাধ্যমে এখন পায়ে হেঁটে পর্যটকেরা এক স্মৃতিস্তম্ভ থেকে অন্য স্মৃতিস্তম্ভে যেতে পারবেন। সেতুর নিচে ঝকঝকে কাচের উপরে নীল-সাদা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যাবে, যা এক বিশেষ অভিজ্ঞতা। সেতুর উপর দাঁড়িয়ে ক্যামেরা নিয়ে ছবি তোলার সুযোগও থাকবে।

স্ট্যালিন নিজে সেতুর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি লেখেন, বিবেকানন্দ স্মৃতিসৌধ এবং তিরুভল্লুভার মূর্তির মাঝে কাচের সেতুটির উদ্বোধন হল।

৭৭ মিটার দীর্ঘ এই কাচের সেতুর নির্মাণে খরচ হয়েছে ৩৭ কোটি টাকা এবং এর প্রস্থ ১০ মিটার। সেতুর নকশা অত্যন্ত আধুনিক এবং দর্শনীয়, যা এক ‘বার্ড আই ভিউ’-এর অভিজ্ঞতা দেবে। সেতুর উপরের অংশ ধনুকের মতো এবং এটি সমুদ্রের নোনা বাতাস এবং প্রতিকূল আবহাওয়ার প্রতিরোধক্ষম।

এখন পর্যন্ত ফেরি পরিবহনই ছিল কন্যাকুমারী থেকে বিবেকানন্দ স্মৃতিসৌধে পৌঁছানোর একমাত্র উপায়, তবে কাচের সেতু নির্মাণের ফলে পর্যটকেরা হাঁটতে হাঁটতেই তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। যা সময় সাশ্রয়ী এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ সৃষ্টি করবে। কাচের সেতুটি নির্মাণের ফলে পর্যটকদের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন