রিপোর্ট| মোঃ হাসিব
রাজধানীর কালশী মোড়ে ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক তৎপরতা ও সাহসিকতায় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকাল আনুমানিক ১১টা ১৩ মিনিটে কালশী মোড় ফ্লাইওভারের নিচে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পল্লবী জোনের পুলিশ সার্জেন্ট এম এস মাহমুদ আলি। এ সময় তিনি দেখতে পান, এক ব্যক্তি একটি মোবাইল ফোন হাতে নিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ধাওয়া করে আটক করেন।
পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে একটি ছিনতাইকৃত মোবাইল ফোন, স্বর্ণের কানের দুল, আংটি ও গলার চেইন উদ্ধার করা হয়। পরবর্তীতে ভুক্তভোগীদের শনাক্ত করে উদ্ধার হওয়া মালামাল তাঁদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
আটক ব্যক্তির নাম মানিক। তিনি আবুলের ছেলে এবং ঢাকার শাহপরান বস্তি এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর ডিসি ট্রাফিক মিরপুর সার্জেন্ট এম এস মাহমুদ আলির সাহসিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। একই সঙ্গে ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যদের জনসেবামূলক কাজে আরও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেন তিনি।
জননিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক মিরপুর বিভাগের এমন দায়িত্বশীল ও তাৎক্ষণিক পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





