ক্যালিফোর্নিয়ায় জয় পেতে চলেছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ইলেকটোরাল কলেজ ভোট (৫৪টি)ক্যালিফোর্নিয়ায়। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্যটি ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্যালিফোর্নিয়ায় জিতেছিলেন। সে সময় তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারের (৫ নভেম্বর) নির্বাচনেও এর ব্যতিক্রম হবে না বলে আভাস পাওয়া যাচ্ছে।
ক্যালিফোর্নিয়ার জনসংখ্যা প্রায় ৪ কোটি। যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ইলেকটোরাল কলেজ ভোট, সেটি ক্যালিফোর্নিয়া।
তবে ক্যালিফোর্নিয়ায় জিততে চললেও এখন পর্যন্ত পাওয়া ভোটের ফলাফলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে পিছিয়ে আছেন কমলা।
সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ আপডেটে পাওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ট্রাম্প ২৩০ ও কমলা ২১০টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। ন্যূনতম ২৭০ ইলেকটোরাল ভোট পেলে প্রেসিডেন্ট পদ নিশ্চিত করতে পারবেন এই দুই প্রার্থীর একজন।