জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় গবাদিপশুর রোগ প্রতিরোধে ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংঘের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের যৌথ কারিগরি সহায়তায় পরিচালিত CAAL (Climate Adaptation and Livelihood) প্রকল্পের উদ্যোগে ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ক্যাম্পেইনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, গবাদিপশুর রোগ প্রতিরোধ এবং স্থানীয় খামারি ও পশুপালনকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন রোগের ভ্যাকসিন প্রদান করা হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কারিগরি সহায়তায় ডাংধরা ইউনিয়নের ভ্যাক্সিনেটর মো. ফরিদুল ইসলাম ও এআই টেকনিশিয়ান নজরুল ইসলাম গবাদিপশুর টিকাদান কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের প্রকল্প ম্যানেজার মো. তাহেরুল ইসলাম, ফিল্ড অর্গানাইজার নজরুল ইসলাম এবং প্রকল্পের এমএসপি সদস্যরা।
ক্যাম্পেইনে গবাদিপশুকে লাম্পি স্কিন ডিজিজ (LSD), ক্ষুরারোগ (FMD) ও তড়কা রোগের ভ্যাকসিন দেওয়া হয়।
আয়োজকরা জানান, গবাদিপশুর রোগ প্রতিরোধের পাশাপাশি প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভ্যাকসিন ক্যাম্পেইন আয়োজন করায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয় খামারি ও পশুপালনকারীরা। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।




