ম্যানচেস্টার ইউনাইটেডের সহকারী কোচ হয়ে থাকতে চেয়েছিলেন। কোচিং প্যানেল বদলে যাওয়ায় চাকরি হারান রুড ফন নিষ্টলরয়। এরপর আসেন লেস্টার সিটিতে। সেখানেও সাতমাসের বেশি টিকতে পারলেন না। বরখাস্ত হয়েছেন হামজা চৌধুরীদের এই ডাচ কোচ।
লেস্টার এবার প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে গেছে। এই ব্যর্থতার জেরে বরখাস্ত হন ক্লাবটির কোচ নিস্টলরয়। অবনমনের ৯ সপ্তাহ পর সমঝোতার মাধ্যমে বরখাস্ত করা হয়েছে তাকে।
গত বছরের নভেম্বরে এই ডাচ কোচ যোগদানের পর ২৭ ম্যাচে কেবল পাঁচটি জিতেছেন। তিন বছরে দ্বিতীয়বার চ্যাম্পিয়নশিপে খেলতে হবে লেস্টারকে। আর্থিক অনিয়মের অভিযোগে পয়েন্টও হারাতে হতে পারে তাদের।
এখনও নিস্টলরয়ের উত্তরসূরি ঘোষণা করা হয়নি। সাবেক বার্নলি ও এভারটন কোচ সিন ডাইশ এই দৌড়ে এগিয়ে আছে। আগামী ১০ আগস্ট শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে নতুন মৌসুম শুরু করবে বাংলাদেশি ফুটবলার হামজাদের লেস্টার।
