ঢালিউড চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাই ছেলেকে বড় করছেন পরীমনি। এমনকি বিশেষ কোনো দিনেও ছেলের পাশে দেখা যায়নি বাবা রাজকে। বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে পরীও জানান, বাবা হিসেবে সন্তানের প্রতি কোনো দায়িত্বই পালন করেননি রাজ। সবটাই সামলাতে হয়েছে তাকে। আর এসব নিয়ে প্রাক্তন স্বামীর প্রতি ক্ষোভও ছিল পরীমনির। তবে এবার দেখা গেল ভিন্ন চিত্র।
সম্প্রতি এক ভিডিওতে দেখা যায়, ছেলেকে নিয়ে ঘুরছেন বাবা রাজ। গাড়ির স্টিয়ারিংয়ে বসে খুনসুটিতে মেতে ওঠেন বাবা-ছেলে। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই শেয়ার করেছেন রাজ। সোমবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে অভিনেতা লিখেছেন, ‘আমার ছেলের প্রতি আমি কীভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি! পৃথিবীর কাছে আপনি একজন মানুষ হতে পারেন, কিন্তু একজনের কাছে আপনি হয়তো পৃথিবী। তোমাকে ভালোবাসি আমার চ্যাম্প।’ পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছাও জানান রাজ। তবে ভিডিওতে কোথাও পরীকে দেখা যায়নি।
এদিকে রাজের সঙ্গে ছেলেকে দেখে মা পরীকে খুঁজছেন নেটিজেনরা। বাবা-ছেলেকে একসঙ্গে অনেকেই বলছেন, তবে কি আবারও সম্পর্ক স্বাভাবিক হয়েছে রাজ-পরীর? আবার কেউ কেউ ধারণা করছেন, হয়তো সন্তানের টানে সম্পর্কের বরফ গলছে রাজ-পরীর।



