ট্রাম্প প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন পিট হেগসেথ

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে ৪৪ বছর বয়সী পিট হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হেগসেথ ফক্স নিউজের রক্ষণশীল উপস্থাপক হিসেবে পরিচিত। মার্কিন সামরিক বাহিনীতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা আছে তাঁর।

মঙ্গলবার (১২ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে এ কথা জানিয়েছেন ট্রাম্প। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এর আগে ট্রাম্প তাঁর প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী (হোমল্যান্ড সিকিউরিটি) দায়িত্বে সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েমের নাম ঘোষণা করেন।

এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, পিট তার পুরো জীবন সৈন্যদের জন্য এবং দেশের জন্য যোদ্ধা হিসেবে কাটিয়েছেন। ট্রাম্পের নির্বাচিত এই প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে যুক্তরাষ্ট্র আবারও দুর্দান্ত একটি বাহিনী পাবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি।

নব নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, তার নেতৃত্বে আমাদের সামরিক বাহিনী আবার দুর্দান্ত হবে এবং আমেরিকা কখনই পিছিয়ে পড়বে না। আফগানিস্তান ও ইরাকে দায়িত্ব পালন করার পাশাপাশি মার্কিন সেনাবাহিনীতে কাজ করার দীর্ঘ রেকর্ড রয়েছে হেগসেথের।

হেগসেথ মিনেসোটা অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে লড়েছিলেন। কিন্তু তিনি নির্বাচিত হতে পারেননি।

ট্রাম্পের উপদেষ্টা পরিষদ সিএনএন’কে জানিয়েছে, হেগসেথ বিগত সময়ে বেশ কয়েক বছর ট্রাম্পের অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে গত সপ্তাহে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসি উইলসের নাম ঘোষণা করেন ট্রাম্প। ৬৭ বছর বয়সী সুসি হবেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ। তিনি ছিলেন ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের দুই ম্যানেজারের একজন।

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির ইতিহাসে বিরল নজির স্থাপন করে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

মন্তব্য করুন