ট্রাম্প মনোনীত কে এই তুলসী গ্যাবার্ড?

মার্কিন নির্বাচনে জয়লাভের পর থেকেই নিজের প্রশাসন সাজানোয় মন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই প্রশাসনের বিভিন্ন পদে ট্রাম্পের ঘনিষ্ঠ বেশি কিছু মুখ ইতোমধ্যে স্থান পেয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক পদে ট্রাম্পের মনোনীত তুলসী গ্যাবার্ডকে নিয়ে চলছে বিভিন্ন জল্পনা-কল্পনা।

তুলসী গ্যাবার্ড যুক্তরাষ্ট্রের প্রথম হিন্দু কংগ্রেস সদস্য। তার বয়স ৪৩। ডেমোক্র্যাটিক পার্টির হয়ে ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত কংগ্রেস সদস্য ছিলেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রাথমিক বাছাইয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। তবে পরে তিনি সরে দাঁড়ান। দুই বছর পর ২০২২ সালে ডেমোক্রেটিক পার্টি ছাড়েন তিনি। দীর্ঘ সময় তুলসী মার্কিন সামরিক বাহিনীতেও দায়িত্ব পালন করেছেন। ইরাক ও কুয়েত যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে চলতি বছরের আগস্টে আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের প্রতি সমর্থন জানান তুলসী গ্যাবার্ড। গত অক্টোবরে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ট্রাম্পের এক নির্বাচনী সমাবেশে রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি। নির্বাচনের আগে ট্রাম্পের প্রচারশিবিরের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তুলসী।

জাতীয় গোয়েন্দা পরিচালক যুক্তরাষ্ট্রের ‘ইনটেলিজেন্স কমিউনিটি’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ন্যাশনাল ইনটেলিজেন্স প্রোগ্রামের দেখভাল করেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তার খাতিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও হোমল্যান্ড সিকিউরিটি কাউন্সিলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

ইনটেলিজেন্স কমিউনিটির প্রধান তথা গোয়েন্দা পরিচালক হলে তুলসী গ্যাবার্ডের অধীনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ), কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই), প্রতিরক্ষা গোয়েন্দা, সেনাবাহিনীর গোয়েন্দা, নৌবাহিনীর গোয়েন্দা, বিমানবাহিনীর গোয়েন্দা, মহাকাশবাহিনীর গোয়েন্দা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়সহ ১৮টি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও দপ্তর থাকবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে জাতীয় গোয়েন্দা পরিচালকের এই পদটি সৃষ্টি হয় ২০০১ সালের ১১ সেপ্টেম্বর দেশটির স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর। দেশটির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০৫ সালে প্রথম এই পদে নিয়োগ দিয়েছিলেন।

সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে এভ্রিল হেইনস-কে এই পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট জো বাইডেন। নিয়োগ পেলে তুলসী গ্যাবার্ড হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী গোয়েন্দা পরিচালক।

মন্তব্য করুন