ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের জোর আলোচনা

ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের প্রাধান্য, আলোচনার কেন্দ্রে ইকবাল হোসেন

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক বাস্তবতার নতুন প্রেক্ষাপটে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী ও গতিশীল করতে বড় ধরনের পুনর্গঠনের পথে হাঁটছে বিএনপি। এরই ধারাবাহিকতায় অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় এবং মহানগর পর্যায়ের কমিটি পুনর্গঠনের কার্যক্রম এখন শেষ পর্যায়ে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুব শিগগিরই ঘোষণা করা হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে আসতে পারে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব।
দীর্ঘ ১৭ বছর রাজপথের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল। হামলা-মামলা, গ্রেপ্তার ও দমন-পীড়নের মধ্যেও সংগঠনকে সক্রিয় রাখতে যেসব নেতা মাঠে ছিলেন, তাদের মধ্য থেকেই নতুন নেতৃত্ব বেছে নেওয়ার পক্ষে মত দিচ্ছেন তৃণমূল নেতাকর্মীরা। দলীয় হাইকমান্ডও ত্যাগী, পরীক্ষিত ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের মূল্যায়নের দিকেই গুরুত্ব দিচ্ছে বলে জানা গেছে।
সম্ভাব্য নতুন কমিটিতে আহ্বায়ক পদে একাধিক নেতার নাম আলোচনায় থাকলেও সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বর্তমান মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. ইকবাল হোসেন। ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে পথচলা শুরু করা এই নেতা দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের পরপর দুইবার আহ্বায়কের দায়িত্ব সফলভাবে পালন করে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন।
দলীয় নেতাকর্মীদের মতে, আন্দোলন-সংগ্রামে সক্রিয় উপস্থিতি, নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ, সাংগঠনিক সক্ষমতা এবং ত্যাগী নেতৃত্বের গুণাবলীর কারণে ইকবাল হোসেন বর্তমানে আলোচনার শীর্ষে উঠে এসেছেন। দলের গুরুত্বপূর্ণ কয়েকজন নীতিনির্ধারকও তাকে নতুন নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছেন বলে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা রয়েছে।
তবে আহ্বায়ক পদের দৌড়ে রয়েছেন বর্তমান কমিটির সদস্য সচিব মহসিন সিদ্দিকী রনিসহ আরও কয়েকজন প্রভাবশালী নেতা। সংগঠন সংশ্লিষ্টদের দাবি, নতুন কমিটিতে এমন নেতাদেরই প্রাধান্য দেওয়া হবে যারা দীর্ঘদিন রাজপথে সক্রিয় ছিলেন, হামলা-মামলার শিকার হয়েছেন এবং তৃণমূল নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
সবমিলিয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা। এখন সবার দৃষ্টি দলের শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

মন্তব্য করুন