নড়াইল প্রতিনিধি: মেজবা উদ্দিন
মাদকদ্রব্যের বিস্তার রোধ, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নড়াইলে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহজনক ব্যক্তিদের ওপর নজরদারি চালিয়েছে সদর থানা পুলিশ।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাসেল সরোয়ারের নির্দেশনায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
চেকপোস্টে যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে আইনানুগভাবে তল্লাশি চালানো হয়। বিশেষ করে মাদকদ্রব্যের বহন ও সরবরাহ প্রতিরোধে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা যায়।
শহরের পুরাতন বাস টার্মিনাল, মালিরবাগ মোড়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় পুলিশের এ তৎপরতা ছিল চোখে পড়ার মতো। নিয়মিত নজরদারি ও তল্লাশির মাধ্যমে অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে পুলিশের এমন নিয়মিত ও দৃশ্যমান তৎপরতাকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত নজরদারি থাকলে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জনসচেতনতার পাশাপাশি পুলিশের কার্যক্রমও আরও কার্যকর হবে।
স্থানীয়দের প্রত্যাশা, আইনের প্রতি শ্রদ্ধা রেখে পুলিশের এমন দায়িত্বশীল তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে এবং নড়াইলের নিরাপদ পরিবেশ আরও সুদৃঢ় হবে।




