নড়াইলে সাংবাদিকদের সঙ্গে খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময়।

নড়াইল জেলা প্রতিনিধি :মেজবা উদ্দিন।

নড়াইল জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। বুধবার (১২ আগস্ট) দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ এবং অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। মাদক নির্মূলে কঠোর অবস্থানের পাশাপাশি নিয়মিত টহল জোরদার, বিট পুলিশিং কার্যকর এবং জনগণের সঙ্গে পুলিশের যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। দ্রুত তদন্ত শেষ করে যথাসময়ে চার্জশিট দাখিলের কথাও বলেন ডিআইজি।
সভায় সাংবাদিকদের পক্ষ থেকে মাঠপর্যায়ে তথ্য ও বক্তব্য সংগ্রহে বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরা হয়। নড়াইল জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন বলেন, অনেক সময় সাংবাদিকরা প্রয়োজনীয় তথ্য বা বক্তব্য নিতে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তারাও ‘ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ ছাড়া বক্তব্য দেওয়া যাবে না’—এমন নানা অজুহাত দেখান। এতে সংবাদ সংগ্রহ ও সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের সমস্যায় পড়তে হয়। এ বিষয়ে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আরও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এ সময় সাংবাদিক কামাল, আব্দুল সাত্তারসহ আরও অনেকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও পরামর্শ দেন।
ডিআইজি বলেন, আধুনিক প্রযুক্তি ও কার্যকর পুলিশিংয়ের সমন্বয়ে নড়াইলকে আরও নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, গণমাধ্যম ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।
সভায় নড়াইলের পুলিশ সুপার মো. আল মামুন সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার নূর আলম সিদ্দিকী, সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিন হালদার, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলুসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও সভায় অংশ নেন।

মন্তব্য করুন