নড়াইলে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার।

মেজবাহ উদ্দিন :জেলা প্রতিনিধি নড়াইল।

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আক্তার মামুন সিকদার ওরফে শাহীন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত শাহীন নড়াইল সদর থানার গোবরা গ্রামের মৃত শাহজাহান সিকদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে সদর থানার পৌরসভাধীন আলাদাতপুর গ্রাম এলাকায় সিটি কলেজ থেকে ভোকেশনাল কলেজগামী পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই সুজিত সরকার ও এএসআই মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ। এ সময় শাহীনকে আটক করে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন