নড়িয়ায় পদ্মা নদীতে ৩০৫ বোতল হুইস্কিসহ বাল্কহেড জব্দ, গ্রেফতার ২।

 

আবু বকর সিদ্দিক,
স্টাফ রিপোর্টার।

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করেছে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। এ সময় মাদক পাচারের অভিযোগে রফিক (৪৫) ও উজ্জ্বল (৪২) নামের দুই কারবারিকে আটক করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ‘এমভি তাসলিমা’ নামের একটি বাল্কহেডও জব্দ করা হয়েছে।
​গত শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাটসংলগ্ন পদ্মা নদীতে এ অভিযান পরিচালিত হয়।
​নৌ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল পদ্মা নদীতে অবস্থান নেয়। পরবর্তীতে সুরেশ্বর লঞ্চঘাটসংলগ্ন এলাকায় সন্দেহভাজন ‘এমভি তাসলিমা’ নামের বাল্কহেডটিতে তল্লাশি চালানো হয়।
​তল্লাশির একপর্যায়ে বাল্কহেডের ভেতর থেকে ৩০৫ বোতল ভারতীয় ‘ব্ল্যাক হুইস্কি’ উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়ায় ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয় এবং অবৈধ মাদক বহনের কাজে ব্যবহৃত বাল্কহেডটি জব্দ করা হয়।
​এ বিষয়ে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নৌপথ নিরাপদ রাখতে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন