প্রকাশিত প্রতিবেদনের তথ্য ‘ভুয়া’, মফিজুর রহমান মামুনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই: মাহবুব আলম শেখ

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে মফিজুর রহমান মামুন এর সাথে আমাকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রকাশ করা হয়েছে—এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন রাজধানীর মিরপুর কালশী মোড়ের ব্যবসায়ী মো. মাহবুব আলম শেখ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান। এ সময় তিনি প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলোকে ‘বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।

মাহবুব আলম শেখ বলেন, ‘মিরপুরে তিন ভাই বাহিনী’ মফিজুর রহমান মামুন-জামিল – মশিউর সহ ইব্রাহিম শাহদাত- মুক্তার শিরোনামে প্রকাশিত অপরাধবিষয়ক প্রতিবেদনে তার নাম জড়িয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বিশেষ করে মফিজুর রহমান মামুনসহ প্রতিবেদনে উল্লেখ করা ব্যক্তিদের সঙ্গে তার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ নেই বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে কালশী মোড়ে হার্ডওয়্যার, ফার্নিচার, গাড়ির শোরুম ও আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত। তালতলা প্রজেক্ট এলাকায় তার ক্রয়কৃত কিছু সম্পত্তি নিয়ে আবাসন ব্যবসায়ী মোহাম্মদ আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে বলেও জানান তিনি।

তার দাবি, সিএস ও আরএস খতিয়ান অনুযায়ী তিনি আইনগতভাবে তার জমি ভোগদখল করে আসছেন। জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি মহল তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে মনগড়া তথ্য প্রচার করছে।

সংবাদ সম্মেলনে তিনি প্রকাশিত প্রতিবেদনের সংশ্লিষ্ট তথ্যের প্রতিবাদ জানান এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে হয়রানি ও অপপ্রচার থেকে মুক্তি পেতে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহযোগিতা চান তিনি।

মন্তব্য করুন