বকশীগঞ্জে পাচারের সময় ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ

 

আমিনুল ইসলাম পারভেজ, জামালপুর থেকে:

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে অন্যত্র নেওয়ার সময় ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দুটি অটোরিকশায় করে ২৫ বস্তা ইউরিয়া সার অন্যত্র নেওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা অটোরিকশা দুটি আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগের দিন সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার এলাকা থেকেও ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন ধরে একটি অসাধু চক্র বিভিন্ন কৌশলে ইউরিয়া ও নন-ইউরিয়া সার অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রশাসনের অভিযানে এসব সার জব্দ করা হচ্ছে। জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, জব্দ করা সার কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। সরকারি বিধি অনুযায়ী এসব সার ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সার পাচার ও অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন