শিক্ষাবর্ষ শুরু হতে মাত্র ১৮ দিন বাকি। নতুন বইয়ের অপেক্ষায় আছে শিক্ষার্থী ও শিক্ষকরা। তার ওপর প্রতিটি বইয়ে আসছে পরিবর্তন। বিগত সরকারের চাপিয়ে দেওয়া কারিকুলাম নিয়ে ছিল নানা বিতর্ক। তাই অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে খুবই গুরুত্ব পাচ্ছে এবারের পাঠ্যবই।
কিন্তু বছরের প্রথম দিনে সব বই হাতে পাবে না শিক্ষার্থীরা। এমনটাই তথ্য উঠে এসেছে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে।
এবার বিনা মূল্যে বিতরণের জন্য প্রাক্-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত মোট পাঠ্যবইয়ের সংখ্যা ৪০ কোটির বেশি। এসব পাঠ্যবই প্রণয়ন ও ছাপার কাজের দায়িত্ব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবির।
তারা বলছে, প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় সব বই অর্থাৎ ১০ কোটি বই ডিসেম্বরের মধ্যে ছাপা হয়ে যাবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বইও ছাপা শুরু হয়েছে। আর নবম-দশম শ্রেণির বই ছাপার বিষয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী শনি বা রোববার ছাপার কার্যাদেশ দেওয়া হতে পারে।
এমন পরিস্থিতিতে সব শ্রেণির শিক্ষার্থীরা সব বই বছরের শুরুতে পাবে কি না, এ নিয়ে আশংকা দেখা দিয়েছে। এনসিটিবি বলছে মাধ্যমিকের বাংলা, ইংরেজি ও গণিতের বই আগে ছাপানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। এভাবে প্রাথমিকের ১০ কোটি এবং মাধ্যমিকের প্রায় ১০ কোটি মিলিয়ে মোট ২০ কোটি বই ১ জানুয়ারির মধ্যে দিতে পারবেন। বাকি বই পরবর্তী ১০ দিনের মধ্যে ছাপা হয়ে যাবে বলে আশা করছে এনসিটিবি।।
এদিকে মুদ্রণ কর্তৃপক্ষ বলছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির পাঠ্যবই ছাপার কাজ মাত্র শেষ করেছেন তারা। এখন তৃতীয় শ্রেণির পাঠ্যবই ছাপার কাজ চলছে। এরপর ধাপে ধাপে চতুর্থ, পঞ্চম ও পরবর্তী শ্রেণীর বইএ হাত দেবেন তারা।
তবে অনিশ্চয়তা দেখা দিয়েছে চতুর্থ থেকে নবম-দশম শ্রেণির পাঠ্যবই নিয়ে। ছাপাখানা কর্তৃপক্ষ বলছে, ছাপা শুরুর জন্য সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি। এই পরিস্থিতিতে আগামী বছরের শুরুতে সব শ্রেণির শিক্ষার্থীর হাতে সব বই দেওয়া হয়তো সম্ভব হবে না।
তারা বলছে, মাধ্যমিকের বই হয়তো সবগুলো একসাথে ছাপা সম্ভব হবে না। তারপরও প্রধান কিছু বই যেমন, বাংলা, ইংরেজী, গণিত এই বইগুলো আগে ছাপানোর নির্দেশনা এসেছে তাদের কাছে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর শিক্ষাক্রম পরিবর্তন, বই পরিমার্জন, আগের দরপত্র বাতিল করে নতুন দরপত্র দেওয়াসহ ছাপাসংক্রান্ত কাজে বিলম্বের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
দেশে উৎসব করে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়ার রেওয়াজ শুরু হয় ২০১০ সাল থেকে। তবে বিগত দু-তিন বছর বিগত সরকারও শিক্ষাবর্ষের শুরুতে ১ জানুয়ারি উৎসব করে বই সব শিক্ষার্থীর হাতে দিতে পারেনি। দরপত্রসংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন কারণে এমনটি হয়েছিল। এবারও এমনটা হতে পারে বলে আশংকা ছাপার কাজে নিয়োজিত কর্মীদের।