বৈশ্বিক উড়োজাহাজ নির্মাণ খাতের শীর্ষ কোম্পানি বোয়িং কর্মী ছাঁটাই শুরু করেছে। সোসাইটি অব প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং এমপ্লয়িজ ইন অ্যারোস্পেস (এসপিইইএ) ইউনিয়নের ৪৩৮ জন সদস্যকে ছাঁটাইয়ের নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সিয়াটল টাইমসের বরাত দিয়ে এপি এই তথ্য জানিয়েছে।
বোয়িং গত অক্টোবরে ঘোষণা দিয়েছিল, আর্থিক সংকট সামাল দিতে তারা কর্মী পুনর্বিন্যাস করবে এবং মোট কর্মীদের ১০ শতাংশ বা প্রায় ১৭ হাজার জনকে ছাঁটাই করবে। সংস্থার সিইও কেলি অর্টবার্গ বলেছিলেন, “আমাদের আর্থিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে কর্মী সংখ্যা হ্রাস করা জরুরি।”
এসপিইইএ ইউনিয়ন জানিয়েছে, ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে ২১৮ জন পেশাদার ইউনিটের সদস্য। এর মধ্যে প্রকৌশলী ও বিজ্ঞানীরা রয়েছেন। বাকি ২২০ জন কারিগরি ইউনিটের সদস্য, যারা বিশ্লেষক, পরিকল্পনাবিদ, প্রযুক্তিবিদ এবং দক্ষ ব্যবসায়ী।
এসব কর্মীদের মধ্যে বেশিরভাগ ওয়াশিংটনে কাজ করতেন। তবে কিছু কর্মী ওরেগন, ক্যালিফোর্নিয়া ও উটাহতেও কর্মরত ছিলেন।
যোগ্য কর্মীরা তিন মাস পর্যন্ত ভর্তুকিসহ স্বাস্থ্যসেবা সুবিধা এবং ক্যারিয়ার ট্রানজিশন সেবা পাবেন। সেভারেন্স প্যাকেজ হিসেবে কর্মীরা প্রতি বছরের পরিষেবার জন্য প্রায় এক সপ্তাহের বেতন পাবেন।
সম্প্রতি বোয়িংয়ের ৩৩ হাজার কর্মী ধর্মঘটে অংশ নিয়েছিলেন, যা বাণিজ্যিক বিমানের উৎপাদন ব্যাহত করেছিল। ধর্মঘট শেষে কর্মীরা কাজে ফিরলেও এর আর্থিক প্রভাব বোয়িংয়ের ওপর চাপ সৃষ্টি করেছে।
বোয়িং তাদের বিখ্যাত মডেল ৭৩৭ ম্যাক্স-এর উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে। সংস্থার নতুন সিইও কেলি অর্টবার্গ উৎপাদনশীলতাকে অগ্রাধিকার দিচ্ছেন বলে জানা গেছে।
বোয়িং জানিয়েছে, জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত যুক্তরাষ্ট্রে কর্মরত কর্মীরা বেতনভুক্ত থাকবেন। তবে ছাঁটাই প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং এটি চলমান থাকবে।