ভারতীয় গণমাধ্যমে ‘গৃহবন্দি’ করার গুজব, যা বললেন চঞ্চল

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। হাসিনা সরকার পতনের পর থেকে কিছুটা নিভৃতেই রয়েছেন এই অভিনেতা। নিজ দেশেই নাকি অভিনেতাকে ‘গৃহবন্দি’করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় কিছু গণমাধ্যমগুলো। বুধবার (১১ ডিসেম্বর) কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিনের ‘এক্সক্লুসিভ’ প্রতিবেদনে এমন তথ্য দাবি করা হয়। এরপর হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮-সহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে চঞ্চলের ‘গৃহবন্দি’র খবর প্রচার করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ১৭ দিন আগে ঢাকা থেকে নিউইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল। দুবাই হয়ে নিউইয়র্ক যাওয়ার কথা ছিল তার। কিন্তু বিমান ছাড়ার কিছুক্ষণ আগে কয়েকজন বিএনপি নেতা ও সেনাসদস্যরা বিমানে উঠে চঞ্চলের কাছে জানতে চান— তিনিও কি দেশ ছেড়ে পালাচ্ছেন?

জবাবে অভিনেতা বলেন, কাজের জন্যই নিউইয়র্ক যাচ্ছেন তিনি। এরপরই নাকি অভিনেতাকে বিমান থেকে নামিয়ে গৃহবন্দি করা হয় তাকে। বর্তমানে নিজের বাড়িতেই রয়েছেন চঞ্চল।

ভারতীয় গণমাধ্যমগুলোর এসব ‘মনগড়া’ প্রতিবেদনে মুখ খুলেছেন চঞ্চল নিজেই। বলেন, এমন কোনো ঘটনাই ঘটেনি আমার সঙ্গে। এই খবরের কোনো সত্যতা নেই। পুরোপুরি মিথ্যা। এমনকি গত কয়েক মাস যাবত কোনো সাংবাদিকের সঙ্গেই আমার কথা হয়নি। কীভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা হলো, তা আমার জানা নেই।

মন্তব্য করুন